শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় রুবেল (২৫) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার হাটবাকইল-নেজামপুর সড়কের বৈদ্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল তানোর উপজেলার হায়দার আলীর ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, রুবেল চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন পরীক্ষার্থী ছিলেন। তিনি শুক্রবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য তানোর থেকে মোটরসাইকেল চালিয় চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে বৈদ্যপুর এলাকায় পৌঁছালে নেজামপুর থেকে ছেড়ে আসা একটি ভুটভটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর জখম হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন