নাচোলে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
এতে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, খেলাধুলা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তাই খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা উত্তম শরীর চর্চা ও পরস্পর বন্ধুত্ব গড়ে তোলার মোক্ষম সুযোগ তৈরি করে।
এসময় উপজেলা সহকারী কমিশমার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার দুলাল হোসেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন।