শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত আছে আরো একজন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা কাছে গিয়ে দুজনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাস কেটে আরো তিনজনের লাশ উদ্ধার করে। এসময় আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করা হয়। পরে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সম্রাট জানান, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নাটোরের দুর্ঘটনায় আহত অজ্ঞাত দুজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বড়াইগ্রাম হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

শেয়ার করুন