নিরাপদ খাদ্য নিশ্চিতে মূল্যবোধের পরিবর্তন করতে হবে
জনসচেতনতামূলক কর্মশালায় অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ বলেছেন, আমাদের মধ্যে কেউ উৎপাদক, কেউ বিক্রেতা। কিন্তু ভোক্তা আমরা সবাই। কাজেই আমাদের মূল্যবোধটার পরিবর্তন করতে হবে। তা না হলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবে না। এজন্য চাই, সবার উদ্যোগ, সবার অংশগ্রহণ। সবচেয়ে বড় কথা আমাদের সচেতন হতে হবে, আমাদের মূল্যবোধটা কাজে লাগাতে হবে। অনেকে লাভ ও লোভে পড়ে খাদ্যে ভেজাল দেয়। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য বিষয়ক জেলা পর্যায়ের জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাকিয়া আফরোজ খাদ্য উৎপাদনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে ভেজাল জিনিসটা খান না, যেটা খাবার যোগ্য না সেটা অন্য মানুষকে দেবেন না। মনে রাখা দরকার, একজন উৎপাদক সবটাই কিন্তু উৎপাদন করেন না। তাকে অন্যের উৎপাদিত খাবারও খেতে হয়। কাজেই যারা একটা খাদ্যপণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করছেন, অন্যরা আরো অনেকগুলো খাদ্যপণ্য বিক্রি করছেন এবং সেগুলো আপনি কিনে খাচ্ছেন। তাহলে ব্যাপাটা এমরকম দাঁড়াচ্ছে আপনিও ভেজাল খাদ্যের শিকার হচ্ছেন। কাজেই আমাদের সকলের মূল্যবোধটা জাগ্রত করতে হবে। তিনি বলেন— অনলাইনে চটকদার কিছু পণ্যের প্রচার করে, আমরা বেশি দাম দিয়ে কিনেও থাকি, কিন্তু সেই পণ্য কতাটা নিরাপদ তা কিন্তু আমরা জানতে পারি না। বেশি দাম মনে করে ভাবি, এটা বুঝি ভালো কিন্তু আসলে কতটুকু ভেজালমুক্ত সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তা না হলে শুধু আইন প্রয়োগ করে কোনো লাভ হবে না। সকলের মূল্যবোধ পরিবর্তন না হলে আসলে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারব না। কাজেই যে যার অবস্থান থেকে সচেতনতার জায়গাটা তৈরি করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন— বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও সরকারের যুগ্ম সচিব আ.ন.ম. নাজিম উদ্দীন, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক।
কর্মশালায় মাল্টিমিডিয়ায় জনসচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন— বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন। সূচনা বক্তব্য দেন— বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে কর্মরত নিরাপদ খাদ্য অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।
মুক্ত আলোচনায় অংশ নেন— জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিকসহ অন্যরা।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও জেলা নিরাপদ কর্তৃপক্ষ এই কর্মশালার আয়েজন করে।
কর্মশালায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিক্রয় প্রতিষ্ঠান, হোটেল মালিক ও শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সকল পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।