নীতিমালা বহাল রেখে প্রয়োজনীয় সার বরাদ্দের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ ও বিতরণের বিদ্যমান নীতিমালা বহাল রাখা, প্রয়োজনীয় সার বরাদ্দ, কমিশন বাড়ানোসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন সার ব্যবসায়ীরা।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসচির আয়োজন করে। কর্মসূচিতে জেলার ৫ উপজেলার সার ডিলার ও সাব-ডিলাররা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন— বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শখার সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী মো. সেতাউর রহমান, সহসভাপতি দানিউল হক, নাজমুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০০৯ সালের ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালায় কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে যাচ্ছে। ওই নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা হাতের কাছেই সার পাচ্ছেন। নীতিমালা পরিবর্তন করা হলে মাঠপর্যায়ে সার বিতরণে বিশৃঙ্খালা তৈরি হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও যৌক্তিক কমিশন নির্ধারণ, চাহিদা অনুযায়ী সার বরাদ্দের দাবি জানান বক্তারা।
পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।