শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে মতবিনিময় নজেকশিসের

শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণসহ শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নির্বাচনী ইশতেহারে দেয়া ও বিজয়ী হয়ে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)। তারই আলোকে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে মতিবিনিময় করেছেন সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি তরিকুল আলম সিদ্দিকী। সূচনা বক্তব্য দেন— নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল আখতার।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, কোনো জাতির উন্নয়ন করতে হলে সর্বপ্রথম সে জাতির শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। আমরা সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন করব। সেই সাথে আগামী নির্বাচনে আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন বোর্ডে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য যাথাযথ পদক্ষেপের মাধ্যমে যৌক্তিকভাবে তুলে ধরব।
তিনি আরো বলেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছেন, তারা শিক্ষক তথা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন না করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। শিক্ষকদের উন্নয়ন করা মানে জাতিকে এগিয়ে নেয়া। তাই আমি শিক্ষকদের এ যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি।

শেয়ার করুন