পদ্মায় ন্যায্য পানি বণ্টনের দাবিতে গোমস্তাপুরে বিএনপির গণসমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি আয়োজিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা।
মঞ্চে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত এই তিন প্রার্থী ছাড়াও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাচাই’— স্লোগানে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তারা নদী ও পানিসম্পদ সংরক্ষণ, ন্যায্য পানি বণ্টন, নদীর অবৈধ ব্যবহার এবং কীভাবে এটি স্থানীয় মানুষের জীবিকাকে প্রভাবিত করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সমাবেশটি নির্বাচনী প্রচার সভায় পরিণত হয়।
সমাবেশে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, আশরাফুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুমসহ আরো অনেকে।
সমাবেশে প্রধান বক্তা চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, ফারাক্কা ব্যারাজের কারণে পদ্মার উজানে একতরফা পানি প্রত্যাহার করা হচ্ছে। এতে পানি সংকট সৃষ্টি করেছে। ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি থাকলেও আমরা আশানুরূপ ফল পাইনি। তিনি সবাইকে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে আহ্বান জানান। বিভেদ সৃষ্টি করতে নিষেধ করেন।
সমাবেশে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী হারুনুর রশিদ বলেন, পদ্মা বাঁচাও আন্দোলনে জাতীয় জনমত গড়ে তুলতে হবে। ভারতের ফারাক্কা বাঁধের কারণে এ এলাকার নদীগুলো আজ শুকিয়ে যেতে বসেছে। ভারতীয় এ আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। আর যাতে শুকিয়ে না যায় তার প্রকল্প হাতে নিতে হবে।
এ সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, দলটি বিশৃঙ্খলা ও বিভ্রান্তির চেষ্টা করছে। তারা ইসলামী জালসার নামে দলীয় জালসা করছে। মসজিদের পবিত্রতা নষ্ট করে দলীয় কার্যক্রম চালাচ্ছে। তাদের এসব কার্যক্রম চালাতে বাধা দিতে হবে। তিনি বলেন, সামনে নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। যারা দলের মধ্য থেকে বিরোধিতা করছেন তারা সুফল ভোগ করতে পারবেন না। দলের ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কড়া নির্দেশ, তাদেরকে বহিষ্কার করা হবে।