পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতির তিন মামলার সাক্ষ্য গ্রহণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় দুদকের তিন বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।
সোমবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীরা জবানবন্দি দেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের জেরা হয়নি। আগামী ২৬ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
তিন মামলার সাক্ষীরা হলেন— দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। তারা ওই তিন মামলার পৃথক বাদী।
দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এসব তথ্য জানান।
এর আগে, গত ৩১ জুলাই এসব মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা দায়ের করে দুদক। মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ আরো অনেককে আসামি করা হয়।
সম্প্রতি সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে সোমবার তিন মামলার সাক্ষ্য গ্রহণ হয়।