শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দাবি : জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত।  বুধবার সকালে জেলাশহরের বিভিন্ন মোড়ে একযোগে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী।
নবাবগঞ্জ সরকারি কলেজের সামনের মানববন্ধনে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। বাতেনখাঁর মোড়ে উপস্থিত ছিলেন— জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান এবং সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম।
এছাড়াও বড় ইন্দারা মোড়ে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদে উল্লিখিত ধারাগুলো কার্যকর করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন