পুলিশের তৎপরতায় উদ্ধার ১৪টি মোবাইল ফোন, তুলে দেয়া হয়েছে মালিকদের হাতে

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে চুরি বা হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে। সোমবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মালিকদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস।
এ সময় জানানো হয়, গত মার্চ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকার বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকরা সংশ্লিষ্ট থানায় জিডি করেন। হারানো জিডির প্রেক্ষিতে অনলাইন মনিটরিং শুরু করে পুলিশ। এর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ৯টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেন ৩টি এবং ডিবির এসআই কামরুল হাসান ২টি ফোনসহ মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উদ্ধারকৃত ফোনগুলো সোমবার মালিকদের হাতে তুলে দেয়া হয়।