শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পেঁয়াজের কেজি ১১০ টাকা কমেনি সবজির দাম

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। বর্তমানে প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। তবে জেলা শহরের পুরাতন বাজারে এক সঙ্গে ৫ কেজি কিনলে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। অন্যদিকে শীতের সবজি এখন বাজারে নামলেও দাম অনেক চড়া।
শুক্রবার সকালে জেলা শহরের পুরাতন বাজার ও নিউ মার্কেট বাজার ঘুরে এমনটাই জানা গেছে।
শুক্রবার সকালে পুরাতন বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, এক পাল্লায় প্রতি ৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৩০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে ৮৬ টাকা। অপর দিকে জেলা শহরের নিউ মার্কেট মুদি বাজারে খুচরা বিক্রেতারা জানান প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে।
সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, বেগুন প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা, পাতা কপি ৬০ টাকা, ফুল কপি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, কচু ৪০ টাকা, আলুর দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ২৪ থেকে ৩০ টাকা, কাঁচা কলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কুমড়োর জালি ও লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ টাকা করে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, আটাশ চাল ৬৫ থেকে ৭০ টাকা, জিরাসাইল ৭৫ থেকে ৮০ টাকা, মসুর ডাল ১১০ টাকা থেকে ১৫০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, মোটর ডাল ১২০-১৩০ টাকা, ছোলার ডাল ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ থেকে ৪২ টাকা, খোলা আটা প্রতিকেজি ৪৮ টাকা ও এক কেজির প্যাকেট আটা ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে মুরগি বিক্রেতারা জানান, দেশী মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫০ টাকা, সোনালী মুরগি ২৫০ টাকা, ব্রয়লার ১৫৫ টাকা, প্যারেন্স ২৬০ টাকা, লাল লিয়ার ২৮০ টাকা ও সাদা লিয়ার ২৫০ টাকা কেজি দরে।

শেয়ার করুন