বাল্যবিয়েমুক্ত সমাজ গড়তে সবার উদ্যোগ প্রয়োজন : কর্মশালায় অভিমত

চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ করে বাল্যবিয়েমুক্ত একটি সুন্দর সমাজ গড়তে সবার উদ্যোগ প্রয়োজন বলে বক্তারা তাদের মতামত প্রকাশ করেছেন।
ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তারা এই মতমত ব্যক্ত করেন।
৩ দিনব্যাপী এই কর্মশালার শেষ দিন ছিল মঙ্গলবার। সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন ইমাম, কাজী, হিন্দু ও খ্রিষ্টান ধমের ধর্মগুরুগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মণ্ডল। ৩ দিনের প্রশিক্ষণে আলোচক ছিলেন— ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা মুফতী মাওলানা হানিফ মো. আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ বি জি এম গোলাম কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার জেমস বিশ্বাস।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ বাল্যবিয়ে বন্ধে জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি শপথ করেন, যেখানে বাল্যবিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।