বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই সভার আয়োজন করে।
সভা সঞ্চালনা করেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্থানীয় চিকিৎসক মশিউল করিম, এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর তোহরুল ইসলামসহ সরকারি-বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার নিশ্চিত করা, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা ও সেবা প্রাপ্তি, অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার রোধে অভিভাবক ও সচেতন নাগরিকের করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় পল্লী চিকিৎসক, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও এনজিও প্রতিনিধিসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।