শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশা-জাতীয় ট্যাবলেট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ৪ হাজার ৭০০ পিস ভারতীয় নেশা-জাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, নেশা-জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পেয়ে মনাকষা বিওপির টহলদল গোপালপুর এলাকায় অভিযান চালায়। বুধবার সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগের মধ্যে হতে ৪ হাজার ৭০০ পিস ভারতীয় নেশা-জাতীয় ট্যাবলেট জব্দ করে; যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
তিনি আরো জানান, টাপেন্ডাডল ট্যাবলেট মূলত ব্যথানাশক ওষুধ হলেও বর্তমানে এটি নেশা-জাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। জব্দকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন