শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ২৫ আগস্ট থেকে শুরু

আগামী ২৫-২৮ আগস্ট পর্যন্ত ৪ দিনব্যাপী বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে ৪ দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকগণ নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধিদলে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী ছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।
এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ, সাম্প্রতিককালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়সমূহ এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারের বিজিবি-বিএসএফ সম্মেলনটি ঢাকায় অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিবে বিজিবি।

শেয়ার করুন