বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। রবিবার জেলা ও শিবগঞ্জ উপজেলা প্রশাসন এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় রেহাইচরে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠর বেদীতে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, পরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন এবং বীরশ্রেষ্ঠর ভাগ্নে মো. নাজমুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তর, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া করা হয়।