শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বেকারত্ব মোকাবিলায় সরকার প্রাণিসম্পদ খাতকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে

দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা মোকাবিলায় প্রাণিসম্পদ খাতকে আরো কার্যকরভাবে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কামরুল হাসানের (ময়মনসিংহ-৬) টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী আরো বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন নতুন প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বেকারত্ব হ্রাসে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর জনগোষ্ঠী ও উদ্যোক্তা শ্রেণী তৈরি করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে স্ব-কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
মন্ত্রী জানান, সরকার যে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, তার মধ্যে রয়েছে সিলেট অঞ্চলে দেশীয় দুগ্ধ গাভীর উন্নয়ন ও সম্প্রসারণ, উত্তর-মধ্যাঞ্চলের চর ও নদী ভাঙনপ্রবণ এলাকায় প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু সহনশীল মুরগির জাত সম্প্রসারণে কেন্দ্রীয় পোলট্রি খামারের সক্ষমতা বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে প্রাণিসম্পদ সেবা উন্নয়ন, কৃত্রিম প্রজনন সেবা আধুনিকায়ন এবং উপজেলা ও জেলাপর্যায়ে ভেটেরিনারি সেবা উন্নয়ন ও আধুনিকায়ন। এছাড়া কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণ, পোলট্রি ও হাঁস খামার সেবা উন্নয়ন এবং ক্ষুদ্র জাবরকাটা প্রাণী খামারের উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

শেয়ার করুন