শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মহানন্দা ব্যাটালিয়নের মানবিক দৃষ্টান্ত
ভারতীয় নাগরিকের মরদহ দেখার সুযোগ পেল বাংলাদেশী আত্মীয়রা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উদ্যোগে ভারতীয় নাগরিকের মরদহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশী আত্মীয়রা। বিষয়টিকে ৫৯ বিজিবির মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের স্ত্রী ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যু সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত ফলিমুদ্দিনের ছেলে আতাউর রহমান (৬০) ও তার স্বজনরা ফনি বেগমের মরদেহ দেখার জন্য বিজিবি’র নিকট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিজিবি’র পক্ষ হতে তাৎক্ষণিক ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেখার ব্যবস্থা গ্রহণ করে।
শুক্রবার সকাল সাড়ে ৮টা হতে ৮ টা ৫০ মিনিট পর্যন্ত পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ফনি বেগমের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। মরদেহ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত আত্মীয়কে দেখতে পেরে তারা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চত করে বলেন, বিজিবি অত্যন্ত মানবিক এবং মানবিক কাজে সব সময় সহানুভূতিশীল। বিজিবি সকল প্রকার মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদনে বদ্ধ পরিকর।
প্রসঙ্গত, গত মাসে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে একই ধরনের মানবিক দৃষ্টান্ত স্থাপন করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী।

শেয়ার করুন