ভোলাহাটে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ জন সদস্যের নাম উল্লেখসহ ৩৫-৪০ জন সদস্যের বিরুদ্ধে এক ব্যক্তির মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির ভুক্তভোগীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামের বীরেশ্বরপুর যুব সংঘের কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন যুবসংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আনসারুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, বীরেশ্বরপুর যুব সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়। বিশুদ্ধ পানি সরবরাহে নলকূপ স্থাপন, দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ, বিশুদ্ধ আল কুরআন শিক্ষা প্রদান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এছাড়া মাদক প্রতিরোধে আইনি সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয় সংঘের পক্ষ থেকে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় সম্প্রতি বেশ কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরে সামাজিকভাবে পুলিশের উপস্থিতিতে সতর্ক করা হয় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান হয়। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পদক্ষেপ নেয়া হয়।
তিনি আরো বলেন, আমাদের এ সংঘে ৩৫১ জন সদস্য সমাজের উন্নয়নে স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সামাজিক উন্নয়নের কাজ করার কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। ভোলাহাট থানায় মামলাটি করেছেন উপজেলার কুমিরজান গ্রামের মো. দুরুল হোদার ছেলে সফিকুল ইসলাম। মামলাটি মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সংঘের পরিচালক মো. মোমিন ইসলাম, সভাপতি মো. আলমগীর, সেক্রেটারি মো. আলমগীর, মো. শাহাদাত হোসেন, উপদেষ্টা মো. একরামুল হকসহ সংঘের শতাধিক সদস্য।