শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাট সীমান্তে অবৈধভাবে আসার দায়ে ২৭ জন আটক

‎চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। তারা বিভিন্ন সময় পাসপোর্টবিহীন অবস্থায় সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল এবং পরবর্তীতে তারা কোনো বৈধ ভ্রমণ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে আসার সময় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবি তাদের আটক করে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, সোমবার ভোর আনুমানিক ৪টায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসে। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন এবং আবার অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়লে তাদেরকে আটক করা হয়। ‎তিনি আরো জানান, আটককৃতদের পরিচয়, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশী নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ‎প্রাথমিক যাচাই শেষে জিডির মাধ্যমে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন