মহাকাশে স্পাই স্যাটেলাইট পাঠাতে ব্যর্থ উত্তর কোরিয়া

মহাকাশে স্পাই স্যাটেলাইট পাঠাতে উত্তর কোরিয়ার সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। উপগ্রহের কক্ষপথে পৌঁছানোর আগেই গত সোমবার রকেটটি বিস্ফোরিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি প্রশাসন জানিয়েছে, যাত্রার প্রথম পর্যায়েই আকাশে বিস্ফোরিত হয় রকেটটি। ফলে স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়। এর আগেও, গত বছর দুইবার স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয় তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, উন্নত মানের তরল অক্সিজেন ও তেল ইঞ্জিনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে বিশেষজ্ঞ দল। উত্তর কোরিয়ার আগেই এই ব্যর্থতার তথ্য জানায় দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া অজ্ঞাত রকেটটি উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই বিস্ফোরিত হয়েছে। একই তথ্য জানায় জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ ঘনিষ্ঠ সহযোগিতায় এটিকে বিশদভাবে বিশ্লেষণ করছে।এর আগে গত রোববার পিয়ংইয়ং জাপানকে জানিয়েছিল যে, চলতি বছরের গতকাল সোমবার থেকে আগামী ৪ জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে তারা। উত্তর কোরিয়ার এমন ঘোষণার সমালোচনা করে এটি বন্ধ করতে কিম জং-উনকে আহ্বান জানিয়েছিল সিউল এবং টোকিও। দীর্ঘদিন ধরেই কিম জং-উনের শাসনামলের একটি শীর্ষ অগ্রাধিকার ছিল কক্ষপথে স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ। গত বছরের দুটি ব্যর্থ প্রচেষ্টার পর, নভেম্বরে তারা একবার সফলভাবে উৎক্ষেপণ করতে পেরেছিল বলে দাবি করেছে পিয়ংইয়ং। তবে সিউল জানিয়েছে, ওই উৎক্ষেপণের সফলতার জন্য রাশিয়ান প্রযুক্তিগত সহায়তা ছিল। আর এই সহায়তার জন্য ইউক্রেনে ব্যবহারের জন্য মস্কোতে অস্ত্রের কনটেইনার পাঠিয়েছিল উত্তর কোরিয়া।