মহানন্দা ব্যাটালিয়নের পৃথক ২টি অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিনজন ও গাঁজাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। এছাড়া সোনামসজিদ সীমান্তে ১ জনকে গাঁজা ও ১টি ব্যাটারি চালিত রিকশাভ্যানসহ আটক করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি।
৫৯ বিজিবি আরো জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়।
এসময় গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মো. এমতাজুলের ছেলে মো. শামিম হোসেন (২৭), একই গ্রামের সঞ্জয় কর্মকারের ছেলে শ্রী পলাশ কর্মকার (২৩) ও শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের আ. সাত্তারের ছেলে মো. মিজানুর রহমান (২৩)কে আটক করা হয়। তারা একটি নৌকায় চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে বিজিবি’র ১টি টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তারা বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি বাটন মোবাইল ফোন (বাংলাদেশী সিমসহ) এবং ভারতীয় ৭০ রুপি পাওয়া যায়।
আটককৃদের বিরুদ্ধে বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে তাদের নিকট রক্ষিত মোবাইল ফোন ও ভারতীয় রুপিসহ ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি’র ১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানসাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৭ শ গ্রাম গাঁজাসহ মো. মিজানুর রহমান (২৫) নামের একজনকে আটক করে। আটক মিজানুর শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে। এসময় তার রিকশাভ্যানটি জব্দ করা হয়। আটক মিজানুরসহ গাঁজা ও ভ্যানের বিষয়ে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এইসব তথ্য নিশ্চিত করেছেন।