মহানন্দা সেতুর টোলঘর এলাকায় বিদেশী পিস্তলসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তলসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা) টোলঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অরণ্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারচোকা মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকেলে মহানন্দা সেতুর টোল প্লাজায় চেকপোস্ট করাকালীন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ থেকে একটি সিএনজিতে করে বিদেশী পিস্তলসহ রয়েল হাসান অরণ্য চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসছে। এমন খবর পেয়ে পুলিশের চেকপোস্টে থাকা দলটি সিএনজি তল্লাশি করে আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ অরণ্যকে আটক করে। তিনি আরো জানান, পুলিশ সুপার মহোদয়ের নিদের্শনায় জেলা পুলিশের প্রতিটি সদস্য জেলার আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয়ভাবে কাজ করছে। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।