শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার কোচ জাকি

বিপিএলে ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। কে জানতো, এই দিনটিই হবে তার শেষ দিন! খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে পড়ে যান মাহবুব। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি মাহবুব আলীকে। পথেই নিস্তেজ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের কোচ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। জাকির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিলেট স্টেডিয়ামে। দেশের ক্রিকেটে স্থানীয় এই কোচের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রসঙ্গত, বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নামেন। ঘরোয়া পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মাশরাফি-তাসকিন আহমেদদের নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।

শেয়ার করুন