মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় মো. রনি ইসলাম (২৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর মান্দারপুর গ্রামের মজিবুর রহমান কালুর ছেলে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২৩ সালের ৬ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সিসিডিবি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা-ডিবির একটি দল। অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর সময় ১০০ গ্রাম হেরোইনসহ মো. রনি ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবির এসআই আসগর আলী বাদী হয়ে ওই দিনই সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করেন ডিবির এসআই মো. মাহফুজুর রহমান। তিনি মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২০ মে মো. রনি ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আবদুল ওদুদ আরো জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থ প্রদানে ব্যর্থ হলে তাকে আরো ৬ মাস সাজা ভোগ করতে হবে। এ ব্যাপারে তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে।