মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে : চাঁপাইনবাবগঞ্জে মাদরাসা বোর্ডের চেয়ারম্যান

সারাদেশের মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়ন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যন অধ্যাপক মিঞা মো. নূরুল হক। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হিফজুল হাদিস পাঠ প্রতিযোগিতা ও হিফজসম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিঞা মো. নূরুল হক আরো বলেন, বিগত সময়ে বিভিন্ন আইনের বেড়াজালে মাদরাসা বিস্তার আটকে দেয়া হয়। আমরা নতুন বিধিমিলা-২০২৫ সংশোধিত করেছি। শর্ত শিথিল করেছি, জমির পরিমাণ কমিয়েছি। এ শিথিল অবস্থায় নতুন নতুন মাদরাসার অনুমোদন দিচ্ছি এবং প্রাইভেট পর্যায়েও আমরা উৎসাহিত করছি। প্রাইভেট মাদরাসাগুলো থেকে ভালো ফলাফল পাচ্ছি।
তিনি আরো বলেন, বৃটিশ এদেশে মাদরাসা শিক্ষা বন্ধ করে দিয়ে তাদের গোলামী করতে সেক্যুলার শিক্ষা ব্যবস্থা চালু করে। সেখানে মানুষ তৈরির কোনো ব্যবস্থা নেই। শুধু বড় বড় ডিগ্রি দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার সভাপতি মাওলানা আবু জার গিফারী। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, মো. আবু বকর, মো. আব্দুল আলিম, মো. গোলাম রব্বানীসহ অন্যরা।