যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৫২ জন আবেদনকারীর তিনটি ব্যাচে বিভক্ত হয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অক্টোবর থেকে ডিসেম্বর ব্যাচে নির্বাচিত ৭৫ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) মো. সেলিমুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, সহকারী পরিচালক মিজানুর রহমান ও সাদিকুজ্জামান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ।
পরিদর্শক কর্মকর্তারা পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমে যুবসমাজকে আরো সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এরই মধ্যে তিনটি ব্যাচে ৭ হাজার ২০০ জন যুবক-যুবতীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, যাদের মধ্যে ৬২ শতাংশ আয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে জানানো হয়। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকার যাতায়াত ভাতা, তিন বেলা খাবার ও প্রশিক্ষণের উপকরণ পাবেন।