শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি সাভারে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে মাদকাসক্ত বাবু নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি মো. মাসুদ (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে ঢাকা জেলার সাভার উপজেলার আকরান (বউবাজার) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়ার মৃত আনসার আলীর ছেলে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
মামলার বরাতে র‌্যাব আরো জানায়, মাহাবুর ইসলাম বাবু একজন মাদকসেবী। সে মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য বিভিন্ন সময় পরিবারের সদস্যদের জ্বালাতন করত। গত ৯ জুলাই ভোর অনুমান সাড়ে ৫টায় বাবু মাদক সেবনের জন্য তার মায়ের নিকট টাকা চায়লে তার মা টাকা দিতে অস্বীকার করে। এসময় সে তার মাকে মারপিট করার জন্য উদ্যত হয়। তখন তার বাবা বাধা দিলে সে তার বাবাকে গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং একটু দূরে গিয়ে তার মাকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। ইটের আঘাতে তার মা গুরুতর জখম হন। বিষয়টি বাদী তার চাচা ও চাচাতো ভাইসহ প্রতিবেশীদের জানালে বিকাল সোয়া ৫টার দিকে মাহাবুর ইসলাম বাবুকে তার বাবার বাড়ির বারান্দায় সিমেন্টের খুঁটিতে বেঁধে লাঠি পেটা করে শাসন করতে থাকে। একপর্যায়ে মাহাবুর ইসলাম বাবু ঘটনাস্থলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়।
এ ঘটনায় নিহতের ছোট বোন মোসা. শিরিন ইয়াসমিন বাদী হয়ে গত ১০ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর হত্যা মামলার আসামিদের ধরতে র‌্যাবও অনুসন্ধন শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৪ মিরপুর যৌথ অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার উপজেলার আকরান (বউবাজার) এলাকা থেকে মো. মাসুদকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন