শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ মালবাহী ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে বহনকালে মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন এলাকা হতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বরক গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. আলফাজ মিয়া (২৩), রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকার ট্রাক চালক মো. রকি আহমেদ (২৬) ও নওদা সাহিবার এলাকার ট্রাকের হেলাপার মো. সানোয়ার আহমেদ (১৯)। তিনি মো. বাবর আলীর ছেলে। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, বুহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব একটি দল মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন এলাকা অভিযান চালায়। এসময় সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকিং চলাকালে একটি মালবাহী ট্রাক চেকপোস্টের কাছে আসলে গাড়িটি থামানোর সংকেত দিলে গাড়িটি থামানো হয় এবং এই তিনজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে ট্রাকের পিছন ডালায় ত্রিপলে ঢাকা অবস্থায় ৪টি সাদা প্লাস্টিকের তুলার বস্তার ভিতর বিশেষ কায়দায় রাখা ৪টি চটের বস্তার ভিতর ১৪টি নীল রংয়ের পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো সর্বমোট প্রায় ৫০ কেজি গাঁজা, সাদা রংয়ের প্লাস্টিকের ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা (চালাল বিহীন), ২টি স্যালো মেশিন, মালবাহী ট্রাকটি জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন