শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের দুই ক্যাম্পের যৌথ অভিযান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৪, মানিকগঞ্জের যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিলন বাবু ওরফে মিলন মিয়া (৩০) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মিলন জেলার শিবগঞ্জ উপজেলার যুক্ত রাধাকান্তপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। গত মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মিলনের বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে তিনি পলাতক থাকেন। পরবর্তীতে আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মো. মিলন বাবু ওরফে মিলন মিয়াকে দোষী সাব্যস্ত করে গত ২৮ এপ্রিল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। এরপর তাকে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন