র্যাবের দুই ক্যাম্পের যৌথ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪, মানিকগঞ্জ ক্যাম্পের যৌথভাবে অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শুভ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শুভ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গত সোমবার রাত সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে।
র্যাব আরো জানায়, ২০২২ সালে মাদকদ্রব্য ইয়াবাসহ শুভ গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়। পরবর্তীতে আদালত হতে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর ছদ্মবেশ ধারণ করে নিজেকে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুভকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। এরপর তাকে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় শুভকে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।