শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করব
মতবিনিময়ে নবাগত জেলা প্রশাসকের

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে তা একটি ভিন্ন প্রকৃতির নির্বাচন। তার কারণ, একই দিনে একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের জন্য যে ইন্সট্রাকশন তা হচ্ছে নিরপেক্ষতা, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান। তাই আমরা একটি উৎসবমুখর নির্বাচন করতে চাই।
মঙ্গলবার বিকেলে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নবাগত জেলা প্রশাসক বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাবো। বর্তমানে ভোটের যে পূর্বপ্রস্তুতি রয়েছে সেগুলো আমরা পালন করছি। তিনি বলেন— আইন বিধিতে আমাদের রাজনীতির সঙ্গে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই সেরকমটা হবে না। তিনি বলেন, সরকার যে আইন যে পরিপত্র দিবে তারই আলোকে আমরা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করব। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ হয়েছে, পর্যায়ক্রমে সব নির্দেশনা চলে আসবে।
জেলা প্রশাসক বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা পূরণে আমাদের কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সংবাদকর্মীরা প্রবাসী কল্যাণ ডেস্ক করা, বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবিলায় করণীয়, গম্ভীরাকে ইউনেস্কোর হেরিটেজ হিসেবে স্বীকৃতির জন্য কাজ করা, আম নিয়ে কাজ করা, কালাইরুটিকে ভৌগোলিক (জিআই) পণ্য করাসহ জেলার উন্নয়নে মাদক, চোরাচালান, চাঁদাবাজি, অবৈধ ইট ভাটা বন্ধ করা, কালেক্টরেট শিশুপার্কের প্রশাসনের নজরদারি, সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদানের কথাসহ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হেসেন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলামসহ সাংবাদিকরা।
এসময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রুমানা আফরোজ।

শেয়ার করুন