শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীফ ওসমান হাদির মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ‘ছাত্র জনতার মঞ্চ’ এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজা শেষে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু বকরস, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ইমামতি করেন মাওলানা আবুজার গিফারি।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ড. মাওলানা মো. কেরামত আলী।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আল বাশরী সোহান, সাইমুম পারভেজ, তন্ময় আহম্মদ সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ওসমান হাদি যে ভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলা এবং দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ ধারণ করার আহবান জানান।
শেষে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন