শাবকের প্রভা রেডিও মহানন্দা
মোসা. ফারুকা বেগম

৩০ লাখ প্রাণ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে বিজয়, সে বিজয়ের মাসে চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার পথচলা শুরু। রেডিও মহানন্দা বলে কৃষির কথা, কৃষকের কথা, শিক্ষার্থীর কথা, বলে ক্রীড়ামোদীদের কথা।
দেশের উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানীর আছে নিজস্বতা। আছে নকশিকাঁথা, কাঁসা, পিতল, দড়ির খাটসহ বিভিন্ন আসবাব; যা একান্তই এই জেলার। যা অতি গৌরবের, অহংকারের। কিন্তু সীমান্ত ঘেঁষা জেলা হিসেবে এই জনপদের কিছু কষ্টের দিকও আছে।
রেডিও মহানন্দায় জেলায় সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। যেমন শিশু পাচার রুখতে সচেতনতা তৈরির লক্ষে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যেমন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় শিশুবিষয়ক অনুষ্ঠান “চাঁদের হাসি”, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য গম্ভীরা, কবিগান, আলকাপ গানের মাধ্যমে শিশু পাচার রোধে সচেতনতা বৃদ্ধি করে থাকে— যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিশুর স্বাস্থ্য ও শিক্ষা, কিশোরদের সচেতনতামূলক বিভিন্ন প্রতিবেদন তৈরি এবং প্রচারের মাধ্যমে শিশু নির্যাতন রোধ করছে ও সচেতন করছে।
রেডিও মহানন্দার কর্মীরা বেশ সুচারুরূপে কাজগুলো করে থাকেন। শিশুদের শারীরিক ও মানসিক উন্মেষ ঘটানোয় আছে গল্প, ছড়া, শিক্ষামূলক কনটেন্ট। শিশুর অধিকার হরণে একটি হাতিয়ার হলো বাল্যবিয়ের থাবা। বাল্যবিয়ে নিরসনে স্থানীয় বিশেষজ্ঞ, নারী নেত্রী, এনজিও প্রতিনিধিদের নিয়ে করা হয় বিভিন্ন প্রোগ্রাম।
সুবিধাবঞ্চিত, দারিদ্র্যসীমার নিচে বসবাসকার ীশিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু, দলিত সম্প্রদায় শিশুদের বিভিন্ন প্রতিবেদন তৈরিতে রেডিও মহানন্দার প্রতিবেদকগণ কাজ করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব পালনের সময় আমার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগও করেছেন। চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে সঠিক চিত্র নিরূপণে সহায়তা দেয়ার।
প্রান্তিক পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করার সুবাদে রেডিও মহানন্দার স্টুডিওতে আলোচক হিসেবে একাধিকবার কথা বলার সৌভাগ্য হয়েছে। সেসব আলোচনায় দেখেছি, শিশুদের সমস্যা এবং সমাধানের উপায় বের করবার চুলচেরা বিশ্লেষণ। এমন অনুষ্ঠানগুলো শিশুদের জীবনমান উন্নয়নের সহায়ক নিঃসন্দেহে।
কবির ভাষায়— “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।” তাই সুন্দর জাতি গঠন করে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ অনিবার্য। আর তার থিম সামনে নিয়েই এগিয়ে যাচ্ছে রেডিও মহানন্দা। শিশুর মননে দোলা দিয়ে বিকশিত করার প্রায় সব কৌশলই রেডিও মহানন্দার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রয়োগ হয়ে আসছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। শিশুর বিকাশের প্রাসঙ্গিক যতগুলো পন্থা আছে, সবগুলোই সুচারুরূপে প্রয়োগ করছে রেডিও মহানন্দা।
শিশুর উন্নয়নে বিরাট অন্তরায় শিশুশ্রম। এ নিষিদ্ধ শিশুশ্রম কুরে কুরে খাচ্ছে শিশুর বিকাশ। অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই মানসিক অবক্ষয়ের শিকার শিশুরাই ঝুঁকে পড়ছে মাদকের ছোবল গ্রাসে। এ মাদকের কুফল নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মশালার মাধ্যমে প্রয়াস রাখছে রেডিও মহানন্দা।
শিশুর জীবনমান উন্নয়নে সোনালি ভোর আসুক, সকল শিশুর জীবনে দেশাত্মবোধ জাগ্রত হোক, শিশু মানবিকতার মশাল নিয়ে এগিয়ে যাক। সুন্দর সুন্দরে ভরে উঠুক সমাজের চারপাশ।
আজকের শিশু হোক আগামী দিনের সোনালী ভোর। সত্যকে সম্মান, মিথ্যাকে বর্জন করে সৎ মানসিকতা লালনে বেড়ে উঠুক শিশু— সেই প্রত্যাশায় রেডিও মহানন্দাকে জন্মদিনের শুভেচ্ছায়…
মোসা. ফারুকা বেগম : সমাজকর্মী