শিবগঞ্জে খালেদা হত্যা : আরো ২ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে জমিজমার বিরোধের জেরে আপনা চাচাতো ভাইদের হাতে নিহত খালেদা বেগম শুকরানী হত্যা মামলার আরো দুজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে জেলার নাচোল উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চৈতন্যপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে মামলার এজাহারনামীয় ৮নং আসামি মো. সাদিকুল ইসলাম (৩৮) ও সাদিকুলের ৩২ বছর বয়সী স্ত্রী মোসা. মোকতারা বেগম (অজ্ঞতনামা আসামি হিসেবে)।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গত ৫ জুলাই বসতবাড়ির সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে নিহতের চাচাতো ভাই মামুন ও নিয়ামতসহ পরিবারের অন্য সদস্যরা সৈবুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলায় খালেদা নিহত হন। এ ঘটনায় খালেদার বাবা, মা ও বোন আহত হন। এ ঘটনায় নিহত খালেদার বাবা মো. সবুর আলী (সৈবুর) বাদী হয়ে ১৫ জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে গত ৬ জুলাই শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশের পাশাপাশি আসামিদের ধরতে অনুসন্ধান শুরু করে র্যাব।
এর আগে আরো ২ জনকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে এই হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করল র্যাব।