শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনিন নাইম (৩২) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায় তারা। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাইম আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি জানান, মঙ্গলবার রাতে নাইম মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বাররশিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে মারা গেছে ভেবে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন