শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে পুকুর পাহারাদারকে চোখ উপড়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোখ উপড়ে ফেলে ধারালো অস্ত্রের আঘাতে এক পুকুর পাহারাদারকে হত্যা করা হয়েছে। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
নিহত পুকুর পাহারাদার উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পার দিলালপুর গ্রামের মৃত জোনাব আলির ছেলে তোজাম্মেল হক (৬৫)।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে তোজাম্মেল হক পুকুরের পাশে অবস্থান করছিলেন। পরদিন সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তোজাম্মেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা আরো জানান, তোজাম্মেল বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইটগার্ড হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো কাটা অস্ত্রের চিহ্ন আছে এবং বাম চক্ষু উপড়ে ফেলেছে হত্যোকারীরা।
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে— দীর্ঘদিনের শত্রুতা বা চুরিুসংক্রান্ত কোনো ঘটনার জেরেই এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন