শিবগঞ্জে ভাইকে হত্যা : ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন ভাইকে হত্যার দায়ে ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে আব্দুল কাদের ও শরিফুল ইসলাম নামের দুজনকে খালাস প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন— শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মণ্ডলের ছেলে মো. মোস্তফা (৬৫), মোস্তফার ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।
চাঁপাইনবাবগঞ্জের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়ীতে জমিজামা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দণ্ডপ্রাপ্ত মো. মোস্তফার আপন ভাই মাইনুল ইসলামকে আসামিরা দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতরভাবে আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ৬ জুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহত মাইনুল ইসলামের ছেলে মাইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক বরুণ সরকার ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আবদুল ওদুদ আরো জানান, আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এই দণ্ড প্রদান করেন। মামলায় অভিযোগ প্রমাাণিত না হওয়ায় আদালত দুজনকে বেকসুর খালাস দেন।