শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে শিবগঞ্জ কোর্টবাজার এলাকায় উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি এই মতবিনিময় করেন।
এসময় তিনি বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে কাজ না করতে আওয়ামী লীগের ভোটারদের হুমকি দেয়াসহ বেশ কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন।
মতবিনিময় সভায় ড. কেরামত আলী বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভোটাররা বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে। কিন্তু যাদেরকে নিজেদের পক্ষে আনতে পারছে না, তাদেরকে জামায়াতের পক্ষে কাজ না করতে হুমকি দেয়া হচ্ছে। এমনকি নির্বাচনের আগ পর্যন্ত এলাকায় না থাকতে হুশিয়ারি দেয়া হচ্ছে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বিএনপি প্রার্থী বিভিন্নভাবে আচরণবিধি ভাঙছেন বলেও অভিযোগ করেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
তবে তিনি তার আনীত অভিযোগ মৌখিকভাবে জানালেও প্রশাসনকে এখনো লিখিতভাবে জানাননি বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা দুরুল হোদা, শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রউফসহ অন্যরা।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি দলীয় প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সংবাদকর্মীরা মাঠের সঠিক তথ্য জানেন। তাই তারা এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন। ভিত্তিহীন এসব তথ্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।
তাঁর অভিযোগ, আচরণবিধি তফসিল ঘোষণার অনেক আগে থেকেই ভাঙছে জামায়াত। এখনো ভাঙছে। তারা নারী কর্মীদের দিয়ে বাড়িতে বাড়িতে ভোটারদের শপথ করাচ্ছেন তাদের পক্ষে ভোট দেয়ার জন্য।
শিবগঞ্জ বিএনপির ঘাঁটি দাবি করে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা বলেন, এর আগের ৩টি নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতলেও একটিতে হারানো হয়েছে। এটা জামায়াত জানে। বিএনপি কখনোই ভোট ডাকাতি, চুরি বা কেন্দ্র দখলে বিশ্বাসী নয়। বরং তফসিলের আগে থেকেই বিএনপি প্রচার চালাচ্ছে, একটি কেন্দ্র দখল বা জোর করে ভোট দেয়া ২ হাজার বাড়িতে ডাকাতির চেয়েও জঘন্য অপরাধ।
নির্বাচন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহম্মেদ এসব অভিযোগ অস্বীকার করেন। মৌখিক বা লিখিতভাবে এ ধরনের কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এ আসনে নির্বাচনী পরিবেশ সুন্দর ও সমান লেভেল প্লেয়িং ফিল্ড আছে দাবি করে তিনি বলেন, ৩ দিন আগে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের সাথে প্রশাসন মতবিনিময় করলেও সেখানে কোনো প্রার্থী কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।

শেয়ার করুন