শিবগঞ্জ ও সদর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি’র অভিযানে ১১ টি ভারতীয় গরু ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ও সদর উপজেলায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। অপরদিকে রঘুনাথপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। অন্যদিকে মাসুদপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপির টহল মনাকষা ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে।
এদিকে বাখেরআলী বিওপির টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।