শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহীর সাংবাদিক মাসুমা মারা গেছেন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৪ দিন পর এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা ইসলাম।
মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ।
জানা গেছে, মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুরে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তিনি।
এখন টিভির কুমিল্লা ব্যুরো অফিস সূত্রে জানা গেছে, ভালোবাসা দিবসে গত ১৪ ফেব্রুয়ারি স্বামীসহ কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন মাসুমা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরজাহান হোটেলের উল্টো দিকে বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশা ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক, মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে তাকে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
জানা গেছে, মাসুমার লাশ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন