চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার দাবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজে’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিলু, সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সোনামসজিদ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংবাদিক জাকির হোসেন।
মানববন্ধন সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম।
বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন— আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চিয়তা চাই। আমরা দেশের জন্য কাজ করি, গণমানুষের জন্য কাজ করি, আমরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে চাই, আমরা সমাজের অনিয়ম দুর্নীতি তুলে ধরি, মানুষকে সচেতন করি।
বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।