সাইকেল চুরি হওয়ায় মুষড়ে পড়েছিলেন, উপহার পেয়ে খুশি হলেন আরাফাত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বড়বাজার থেকে ২০ দিন আগে স্কুল শিক্ষার্থী আরাফাত হোসেনের বাইসাইকেলটি চুরি হয়। সাইকেলটি হারিয়ে নিদারুণ কষ্টে পড়েছিলেন দিনমজুর বাবার সন্তান আরাফাত। কেননা সাইকেলটিই ছিল তার স্কুলে যাওয়ার সঙ্গী।
জানা গেছে, আরাফাত হোসেন রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। বাড়ি উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম এলাকার শেষ প্রান্তে। দিনমজুর পরিবারের সন্তান তিনি।
অনেক খোঁজাখুঁজি করে বাইসাইকেল না পেয়ে হতাশ হয়ে পড়েন আরাফাত। তার হতাশা দেখে স্থানীয় এক শুভকাঙ্ক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরাফাতের জন্য সাইকেল চেয়ে মানবিক আবেদন জানান। সে আবেদনে সাড়া দিয়ে ঠিকানা জানাতে অনিচ্ছুক রুবায়েত হোসেন নামের এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে আরাফাতের জন্য একটি বাইসাইকেল পাঠিয়ে দেন।
রবিবার বেলা ১১টার দিকে তার প্রতিষ্ঠান রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বাইসাইকেলটি আরাফাতের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে চুরি যাওয়ার পর হতাশ হয়ে পড়া আরাফাত উপহারের বাইসাইকেল পেয়ে দারুণ খুশি। এই প্রতিবেদকের কাছে রুবায়েত হোসেনের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, আরাফাত হোসেন প্রতিদিনই স্কুলে হাজির হতো। সাইকেলটি চুরি হয়ে যাওয়ার পর স্কুল আসতে তার কষ্ট হচ্ছিল। তার ছাত্রকে যে মহানুভব ব্যক্তি সাইকেল উপহার দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপহার পাঠানো রুবায়েত হোসেন বলেন, ছাত্রের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে হচ্ছে। লেখাপড়া করে আরাফাত মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করেন তিনি।