সিইসির সাক্ষাৎ : নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনারগণ।
রাষ্ট্রপতির কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাক্ষাৎকালে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে ইসি সচিব আখতার আহমেদ দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনকে বলেন, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য তার পক্ষ থেকে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব, তিনি তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করবেন। ‘যতটা দেওয়ার সুযোগ আছে, তার থেকেও বেশি দেবেন, কম দেবেন না’— রাষ্ট্রপতির এমন মন্তব্য উল্লেখ করেন ইসি সচিব।
ইসি সচিব আরো বলেন, বৈঠকে সিইসি ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর সর্বশেষ নিবন্ধন অবস্থা এবং নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি ব্যালট পেপারের রং, মুদ্রণ পদ্ধতি, ভোটারদের কাছে সরবরাহের উপায়, মক ভোটিংয়ে একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন এবং গণনার পদ্ধতি— এসব বিষয়ে রাষ্ট্রপতি বিস্তারিত জানতে চান এবং কমিশন তার কাছে সব তথ্য উপস্থাপন করে।
ইসি সচিব জানান, পোস্টাল ভোট নিয়ে রাষ্ট্রপতির বিশেষ আগ্রহ রয়েছে। তিনি এ ব্যবস্থার প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন। কমিশনের পক্ষ থেকে বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করলে রাষ্ট্রপতি এর প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।