শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুর ফিরেছে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি খাওয়া বিমানটি

মাঝ আকাশে হঠাৎ প্রচ- ঝাঁকুনিতে পড়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি অবশেষে নিজ দেশে ফিরে এসেছে। ব্যাংককে জরুরি অবতরণের পাঁচদিন পর রোববার সিঙ্গাপুরে ফিরে আসে বিমানটি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) জানিয়েছে, গত মঙ্গলবার লন্ডন থেকে রওনা দেওয়া এস কিউ৩২১ ফ্লাইটটি মিয়ানমারের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ প্রচ- টার্বুলেন্স বা ঝাঁকুনির মুখে পড়ে। এ সময় হার্ট অ্যাটাকে ৭৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ইআর এয়ারক্রাফটটি পরে ২১১ যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে ব্যাংককে জরুরি অবতরণে বাধ্য হয়। পরে বিমানের ৪১ যাত্রীকে ব্যাংকক হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাংককের সামিটিজ শ্রীনাকারিন হাসপাতাল জানিয়েছে, তাদের মধ্যে পাঁচজন নিবিড় পরিচর্যায় রয়েছে। এদের মধ্যে তিনজন অস্ট্রেলিয়ান, একজন ব্রিটিশ এবং একজন নিউজিল্যান্ডের। সিএনএ আরও জানায়, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের বিমান কর্তৃপক্ষ, তদন্তকারী ও বিমান প্রস্তুতকারকদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরই বিমানটি ব্যাংকক ছাড়ে। তবে ব্যাংকক ছাড়ার আগে ফ্লাইট অপারেশন টিম বিমানটি পরিষ্কারও করে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, বিমানটি যে উচ্চতায় ক্রুজ করছিল, সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে অন্তত ছয় হাজার ফিট নিচে নেমে আসে। এসময় বিমানে থাকা যাত্রীরা নিজেদের নিয়ন্ত্রণ হারায়। কারও মাথা বিমানের ছাদে ধাক্কা খায়। অনেকেই সিট থেকে পড়ে যায়। বিমানটি তখন বঙ্গোপসাগর অতিক্রম করে মিয়ানমার হয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। অবশ্য বিমানটিতে সেদিন ঠিক কি ঘটেছিল তা এখনও অজানা।

 

শেয়ার করুন