শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সীমান্তের ওপারে চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফের হাতে আটক হয়ে মারা যাওয়া রবিউলের মরদেহ ফেরতের একদিন পর ভারতে আবারো দুই বাংলাদেশী আটকের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী এই দুই বাংলাদেশীকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। এসময় সাতটি গরুও আটক করে ভারতীয় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মো. মমিন আলী (২৫)। তাদের সঙ্গে থাকা অন্য দুজন হলেন— মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু। তাদের একজন ভারতের ভেতরে আত্মগোপনে আছেন এবং অপরজন ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন বলে জানা গেছে।
জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নারায়ণপুরের জহুরপুরটেক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী চারজন রাখাল ভারতে অনুপ্রবেশ করে। গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন তারা। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ।
৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারতীয় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। অপরদিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছে এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছে বলেও শুনেছি।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। এ সময় সাতটি গরুসহ বিএসএফ তাদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যায়।
এদিকে ভারতীয় গণমাধ্যম এম বার্তা নিউজের খবরে বলায় হয়েছে, ‘ঘনকুয়াশায় মিঠিপুর রায়চকপাড়া এলাকা থেকে দুই বাংলাদেশী গ্রেপ্তার করে জঙ্গিপুর থানা পুলিশ। পরে তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।’
এ-সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, আটক দুই যুবক বাংলাদেশ থেকে গরু আনতে ভারতে গিয়েছিল বলে তারা সাংবাদিকদের জানায়।

শেয়ার করুন