শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর চরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইমন আলী (২১) ও মো. মুকিমের ছেলে মো. নয়ন (১৯)।
রবিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম শাকিল হাসান।
এসএম শাকিল হাসান বলেন, ধর্ষণের ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদে ওই স্কুলছাত্রীকে পদ্মার চরে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। তিনি বলেন, এঘটনায় চলতি নভেম্বর মাসের ১০ তারিখে মামলা দায়ের করলে ওই দিনই ঢাকা থেকে ইমন ও নয়নকে গ্রেপ্তার করা হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়। মামলার অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে গ্রেপ্তার দুজনই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছেন শাকিল হাসান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করেছে। কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যায়। এরই মধ্যে আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। ভিডিওটি ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে। তিনি বলেন, যেহেতু আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন সেহেতু ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন