হরিমোহন স্কুলে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।
বেলা ১১টার দিকে ২০ মিনিট ধরে প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন শিক্ষার্থী।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভার। আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পাঁচজনকে প্রথমা প্রকাশনের মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেয়া হয়।
বিজয়ীরা হলেন— নবম শ্রেণীর আতিকুর জামান ও আহনাফ শাহরিয়ার, অষ্টম শ্রেণীর মাহমুদুল হাসান ও উমায়ের উসাইদ এবং নবম শ্রেণীর আরাফ মোর্শেদ।
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন— প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন— হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিস। অন্যদের মধ্যে বক্তব্য দেন— বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ও আজিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম ও মাহবুব জন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, শিক্ষার্থী সাফি শাহরিয়ার ভাষা, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার দপ্তর সম্পাদক ফাহিম আসেফ উৎস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ অর্পিতা।
প্রধান অতিথির বক্তব্যে রুবিনা আনিস বলেন, ইতিহাসের সত্যকে ভুলতে নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস এমনই সত্য ইতিহাস, যাকে ভুলে যাওয়া যায় না। সত্য ইতিহাসকে আমাদের জানতে হবে। লেখক বাছাই করে সঠিক বইটি পড়তে হবে। মুক্তিযুদ্ধভিত্তিক এমন আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।