শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

১৬ বছর পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ‘১৬ বছর যাবত পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের জেলা নির্বাচন অফিসের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘চাঁপাইনবাবগঞ্জের পর্দানশিন নারী সমাজ’ ব্যানারে এই আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন পর্দানশিন নারীরা।
সমাবেশে সব ক্ষেত্রে নারীদের পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিলসহ তিন দফা দাবি জানানো হয়।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশ কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন- মাকসুদা সুলতানা, আহমদ নুরজাহান মতি, মাহফুজা খাতুন, তৌফিয়া খাতুন।
বক্তারা বলেন, পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশিন নারীরা বৈষম্যের শিকার। ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশিন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, বিগত ১৬ বছর যেসব ইসি কর্মকর্তা পর্দানশিন নারীদের নাগরিকত্ব আটকে রেখে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা বা ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতির ব্যবস্থা করাসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
পরে তারা জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন