৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে আবারো উদ্ধার বিদেশী পিস্তল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করেছে ৫৩ বিজিবি। মঙ্গলবার উপজেলার রাঘববাটী এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে ৫৩ বিজিবি।
মঙ্গলবার বিকেলে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন— সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এসময় গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকা দিয়ে চোরাচালানকৃত কিছু অবৈধ বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে ঢোকার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টায় মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রাঘববাটিতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে ব্যাগের ভেতর থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করে।
৫৩ বিজিবির অধিনায়ক আরো বলেন— বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন— দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য এই অস্ত্র আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।